দেশের ভূমি অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য রুখতে ও সেবাকে স্বচ্ছ করার লক্ষ্যে সিসি ক্যামেরাভিত্তিক নজরদারিব্যবস্থা চালু করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে সেবা প্রক্রিয়াকে প্রযুক্তি নির্ভর ও উন্মুক্ত করা হচ্ছে।
অনলাইন সেবা প্রসার
এছাড়া ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পরচা, ম্যাপ সিস্টেম ও ভূমি অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এখন অনলাইনেই সেবা গ্রহণের পাশাপাশি আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন। ফসলি জমি সুরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটা বা কৃষিজমির অপব্যবহারের অপরাধে দুই থেকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প
এছাড়া ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে, যা শেষ হলে কৃষি, শিল্প ও আবাসন এলাকা আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, বর্তমানে দেশে মোট আবাদযোগ্য কৃষিজমির পরিমাণ প্রায় ২ কোটি ১৮ লাখ একর। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে কৃষিজমি কমে যাওয়ার প্রবণতা রোধে সরকার কাজ করছে।
ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতকরণ
অন্যদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে ৪৭৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাড়ানো হয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১৩ হাজার ৩৪৪ জন যোদ্ধাকে বর্তমানে নিয়মিত ভাতা দেওয়া হচ্ছে।
পরিবেশ ও বিমান ভাড়া
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের ১ লাখ ২৩ হাজার ৮৬৯ একর সংরক্ষিত বনভূমিকে কোনোভাবেই কৃষিজমিতে রূপান্তরের সুযোগ নেই। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম জানান, প্রবাসী কর্মীদের কষ্ট লাঘবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের মূল্য উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। জেদ্দা-মদিনা রুটের খালি ফ্লাইটে টিকিটের মূল্য ৫০-৫৫ হাজার টাকা থেকে কমিয়ে ২০ হাজার টাকা করা হয়েছে এবং ঢাকা-মালয়েশিয়া রুটের ভাড়া ২৮ হাজার থেকে কমিয়ে ২১ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।



