২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে আবারও আলোচনায় উঠে এসেছে ফ্রান্স। শক্তি, স্কোয়াড গভীরতা এবং ধারাবাহিক পারফরম্যান্স—সব দিক থেকেই দিদিয়ের দেশমের দলকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা।
শুরুটা দারুণ ফরাসিদের
টুর্নামেন্টে নিজেদের শুরুটাও দারুণ করেছে ফরাসিরা। গত ১৬ জুন সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে তারা মাঠে নামিয়েছিল এমন একটি শুরুর একাদশ, যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি একাদশ হিসেবে রেকর্ড গড়েছে।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, সেই ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশের সম্মিলিত বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৭৭৪ কোটি টাকার বেশি।
এই তালিকায় ফ্রান্স নিজেরই আগের রেকর্ড ভেঙেছে। ২০১৮ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফরাসিদের শুরুর একাদশের মূল্য ছিল ৭১ কোটি ইউরো।
সেনেগাল ম্যাচের একাদশ
সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন- কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিসে, অরিলিয়েঁ চুয়ামেনি, থিও হার্নান্দেজ, দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা ও মাইক মেনিয়ঁ।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি শুরুর একাদশ (শীর্ষ ৫)
- ফ্রান্স (২০২৬, সেনেগাল ম্যাচ) — ৯০ কোটি ৮০ লাখ ইউরো
- ফ্রান্স (২০১৮, অস্ট্রেলিয়া) — ৭১ কোটি ইউরো
- ব্রাজিল (২০১৮, সুইজারল্যান্ড) — ৬৫ কোটি ইউরো
- ফ্রান্স (২০১৮, উরুগুয়ে) — ৬৪ কোটি ৮০ লাখ ইউরো
- ফ্রান্স (২০১৮, ক্রোয়েশিয়া) — ৬৪ কোটি ৮০ লাখ ইউরো
বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের এই অর্থনৈতিক ও ক্রীড়া শক্তি তাদের শিরোপা প্রত্যাশাকে আরও জোরালো করেছে।



