হোয়াটসঅ্যাপে পরিচিত কোনো ব্যক্তি অনলাইনে আছেন কি না, তা বর্তমানে সেই ব্যক্তির নামের নিচে ‘অনলাইন’ স্ট্যাটাস দেখে বোঝা যায়। তবে গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে অনেক ব্যবহারকারী তাঁদের অনলাইন উপস্থিতি অন্যদের থেকে লুকিয়ে রাখেন, যার কারণে জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, যার নাম দেওয়া হয়েছে ‘কনট্যাক্টস হাব’।
কীভাবে কাজ করবে নতুন সুবিধাটি?
নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীদের আলাদাভাবে প্রতিটি পরিচিত ব্যক্তির চ্যাটবক্সে না গিয়েই বোঝা যাবে কে বর্তমানে অনলাইনে আছেন বা সম্প্রতি অনলাইনে ছিলেন। ‘কনট্যাক্টস হাব’ নামের এই বিভাগটি ব্যবহারকারীর মূল প্রোফাইল বিভাগের সঙ্গেই সংযুক্ত থাকবে। সেখানে সক্রিয় এবং সম্প্রতি অনলাইনে থাকা ব্যক্তিদের একটি তালিকা দেখা যাবে, যা যোগাযোগকে আরও সহজ এবং দ্রুত করবে।
পরীক্ষামূলক সংস্করণ ও ভবিষ্যৎ পরিকল্পনা
হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, বর্তমানে আইফোনের পরীক্ষামূলক সংস্করণে এই সুবিধার পরীক্ষা চলছে। সংস্থাটি সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যোগ করার পাশাপাশি ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও কার্যকর করতে এই উদ্যোগ নিয়েছে। তবে কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড সংস্করণেও এই সুবিধা যুক্ত হবে কি না, তা-ও নিশ্চিত নয়।
হোয়াটসঅ্যাপ প্লাস সাবস্ক্রিপশন সেবা
এদিকে, ব্যবহারকারীদের হালনাগাদ প্রযুক্তির বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এই সাবস্ক্রিপশন সেবায় বিনামূল্যে ব্যবহারকারীদের তুলনায় একাধিক প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা আরও উন্নত ও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: নিউজ ১৮



