মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। বাংলা কিউআরের মাধ্যমে দেশজুড়ে থাকা প্রায় ১০ লাখ মার্চেন্ট পরিবারে যুক্ত হলো নগদ।
ক্যাশলেস লেনদেনে নতুন মাইলফলক
ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নগদ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বাংলা কিউআর এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)–সুবিধা। এর মাধ্যমে কোটি কোটি গ্রাহকের লেনদেনের স্বাধীনতা নিশ্চিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠান
বাংলা কিউআর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠানে প্রশাসক দলের অন্যান্য সদস্য এবং ঢাকায় কর্মরত নগদের চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
কিভাবে কাজ করবে বাংলা কিউআর
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে নগদের গ্রাহকেরা দেশের যেকোনো দোকান, শপিং মল, রেস্টুরেন্ট কিংবা বাজারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করেই সরাসরি নগদ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আলাদা এমএফএস অপারেটর বা ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন কিউআর কোড ব্যবহারের ঝামেলা দূর করতেই বাংলাদেশ ব্যাংকের এই সমন্বিত উদ্যোগ গ্রাহক পর্যায়ে পৌঁছে দিল নগদ।
প্রশাসকের বক্তব্য
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘গ্রাহক ও ব্যবসায়ী এবং উভয় পক্ষের জন্যই ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআর একটি বৈপ্লবিক মাইলফলক। এখন থেকে নগদ গ্রাহকেরা যেকোনো দোকানে একটি মাত্র সমন্বিত কিউআর কোড স্ক্যান করেই দ্রুততম সময়ে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন, যা ক্ষুদ্র বিক্রেতাদেরও ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত করবে।’



