দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এম০৬ ফাইভজি’। এন্ট্রি-লেভেলের এই ডিভাইসটিকে বাজারের অন্যতম সাশ্রয়ী ৫জি ফোন হিসেবে দাবি করা হয়েছে।
ফোনটির বিশেষ বৈশিষ্ট্য
ফোনটিতে রয়েছে ৮০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, যা উজ্জ্বল আলোতেও স্পষ্ট দেখা যায়। ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। শক্তিশালী ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ইন্টারনেট গতি নিশ্চিত করবে। এছাড়া ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে, যা অল্প সময়েই ব্যাটারি চার্জ করে ফেলবে।
বাজার সম্প্রসারণে নতুন অংশীদারিত্ব
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে যৌথভাবে কাজ শুরু করেছে স্যামসাং এবং এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। রাজধানীর বনানীতে আয়োজিত এক পার্টনার মিটে এসইবিএলকে স্যামসাংয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা করা হয়।
আয়োজনে স্যামসাং ও ডিএক্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, এই অংশীদারিত্ব দেশের স্মার্টফোন বাজারে ইতিবাচক পরিবর্তন আনবে এবং গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি সহজলভ্য করবে।
জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই স্মার্টফোনটি দেশব্যাপী বাজারে পাওয়া যাবে। সাশ্রয়ী মূল্যের এই ৫জি ফোনটি প্রযুক্তিপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।



