সাদা কুর্তা-পায়জামা পরা এক ব্যক্তি, মাথাভর্তি উষ্কখুষ্ক সোনালি চুল, গায়ের রং ফ্যাকাশে। রাস্তার পাশে ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে তিনি কুলফি বিক্রি করছেন এবং সুর করে ক্রেতাদের ডাকছেন। এমন একটি ২০–৩০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘এবার পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প।’ ফেসবুকে একাধিক পেজ ও প্রোফাইল থেকে একই ধরনের শিরোনামে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভাইরাল ভিডিওর প্রকৃত সত্য
অনুসন্ধানে দেখা যায়, এই শিরোনামে সবচেয়ে বেশি ছড়ানো ভিডিওগুলোর একটি ছিল কালবেলার ১৩ সেকেন্ডের ক্লিপ, যা একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে পুনরায় শেয়ার করা হয়। ভিডিওটি প্রায় ৪৬ লাখ বার দেখা হয়ে গেছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার, শেয়ার হয়েছে প্রায় ৩ হাজার ৩০০ বার এবং মন্তব্য পড়েছে প্রায় ১ হাজার ৭০০টি। ভিডিওটির ওই সংস্করণে কুলফি বিক্রির স্বাভাবিক শব্দ বাদ দিয়ে নেপথ্য সংগীত যুক্ত করা হয়, যা মূল পরিবেশকে আড়াল করে বিভ্রান্তি আরও বাড়িয়েছে। পাশাপাশি পোস্টে তথ্যসূত্র হিসেবে ‘Fastpost’ সংবাদমাধ্যমকে উল্লেখ করা হয়, তবে ভিডিওর প্রকৃত পরিচয় ও প্রেক্ষাপট সেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়নি।
ভিডিওতে থাকা ব্যক্তি কে?
কালবেলার ওয়েবসাইটে গিয়ে ভিডিওটির ব্যাখ্যা পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ভিডিওতে থাকা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প নন, তিনি পাকিস্তানের এক কুলফি বিক্রেতা ‘সাজিদ মেহমুদ’, যিনি দেখতে ট্রাম্পের মতো। তবে ভাইরাল পোস্টগুলোতে তার নাম ‘সাজিদ মেহমুদ’ বলা হলেও যাচাইয়ে দেখা যায়, তাঁর প্রকৃত নাম সেলিম বাগ্গা। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল এলাকার বাজারে কুলফি বিক্রি করেন।
সেলিম বাগ্গার পরিচিতি
স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সেলিম বাগ্গার সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো তার চেহারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিল। এই সাদৃশ্যের কারণে তিনি কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। ট্রাম্প ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময়ও সেলিম বাগ্গাকে নিয়ে রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তারও আগে ২০২১ সালে ভারতের এনডিটিভি এবং পরবর্তী সময়ে আরও কয়েকটি মাধ্যম তাঁকে নিয়ে আলোচনা করে।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শুধু সেলিম বাগ্গাকে দেখতে বা তাঁর সঙ্গে ছবি তুলতে দোকানে ভিড় করেন অনেকে। তাঁর কণ্ঠ ও কুলফি বিক্রির ভঙ্গিও নজর কাড়ে। একটি প্রতিবেদনে সেলিম বাগ্গা নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, মানুষ তাঁকে ট্রাম্পের সঙ্গে মিলিয়ে দেখে, সেলফি তোলে—এতে তিনি আনন্দিত হন।
বাংলাদেশেও ট্রাম্পসদৃশ ব্যক্তি
বাংলাদেশের নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ নিয়ে মাতামাতির মধ্যে সেলিম বাগ্গার পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের মতো দেখতে কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা এটাই প্রথম নয়, যুক্তরাজ্যের কৌতুক অভিনেতা মাইক ওসমানও দেখতে মার্কিন প্রেসিডেন্টের মতো। তাঁকে নিয়েও চলে এমন চর্চা।
ভুল স্বীকার করল ডেইলি বাংলা পোস্ট
এদিকে ‘যখন ডোনাল্ড ট্রাম্প কুলফি বিক্রি করছেন’—এমন ক্যাপশনের ভিডিও প্রকাশ নিয়ে ডেইলি বাংলা পোস্টের ডিজিটাল বিভাগের ইনচার্জ দীপক পাল প্রথম আলোকে বলেন, প্রেক্ষাপট ছাড়া ভিডিওটি প্রকাশ করা ছিল তাদের ‘একটি অনাকাঙ্ক্ষিত ভুল’। বিষয়টি সংশোধন করবেন তাঁরা।
সুতরাং, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প নন; তিনি পাকিস্তানের কুলফি বিক্রেতা সেলিম বাগ্গা, যিনি ট্রাম্পের সাদৃশ্যের জন্য পরিচিত। ভিডিওটি প্রেক্ষাপট ছাড়া ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা পরে ফ্যাক্ট চেকের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে।



