টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপন দেখছেন, আর পছন্দ হওয়া মাত্রই রিমোটের বোতাম চেপে কিনে ফেললেন পণ্যটি—এমন সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এবার ড্রয়িংরুমের টেলিভিশন স্ক্রিনকেই সরাসরি কেনাকাটার মাধ্যম বা শপিং প্ল্যাটফর্মে রূপান্তর করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
ব্র্যান্ডকাস্ট ২০২৬ ইভেন্টে ঘোষণা
সম্প্রতি ইউটিউবের ‘ব্র্যান্ডকাস্ট ২০২৬’ ইভেন্টে এই নতুন ফিচারটির ঘোষণা দেওয়া হয়। স্মার্ট টিভি ও স্ট্রিমিং ডিভাইস ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখার অভিজ্ঞতাকে আরও বেশি ইন্টারেক্টিভ এবং শপিং-বান্ধব করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
রিমোটের ক্লিকেই ‘বাই উইথ গুগল পে’
ইউটিউব জানিয়েছে, স্মার্ট টিভি বা স্ট্রিমিং ডিভাইসে ইউটিউব দেখার সময় নির্দিষ্ট কিছু বিজ্ঞাপনে এখন থেকে ‘বাই উইথ গুগল পে’ নামের একটি নতুন বাটন দেখা যাবে। কোনো পণ্য পছন্দ হলে ব্যবহারকারীরা অন্য কোনো ডিভাইসে আলাদাভাবে সার্চ না করে, মাত্র কয়েক ক্লিকেই সেটি সরাসরি টেলিভিশন থেকেই কিনে নিতে পারবেন। বিজ্ঞাপনে দেখা পণ্যটি পছন্দ হওয়া এবং তা কেনার মধ্যবর্তী জটিলতা ও সময় কমিয়ে আনাই এ ফিচারের মূল লক্ষ্য।
বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া
নতুন এই শপিং ফিচারের পাশাপাশি বিজ্ঞাপদাতাদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন কিছু টুলসও উন্মোচন করেছে ইউটিউব। এর ফলে বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রচারণার উদ্দেশ্যের সাথে মিল রেখে নির্দিষ্ট ভিডিওগুলো সহজেই খুঁজে পাবে এবং ব্যবহারকারীদের রুচি ও পছন্দ অনুযায়ী আরও বেশি লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে।
সমালোচনা ও বিতর্ক
ইউটিউব টেলিভিশনকে শুধু বিনোদনের মাধ্যম থেকে বের করে একটি ‘ইন্টারেক্টিভ স্টোরফ্রন্ট’-এ রূপান্তর করতে চাইলেও, এ প্রযুক্তি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। সমালোচকদের মতে, এ ফিচারটি মানুষের মধ্যে হুটহাট বা হুজুগে প্রবণতা বাড়িয়ে দেবে। সাধারণত স্মার্টফোন বা ইলেকট্রনিক্স পণ্য কেনার আগে গ্রাহকরা ইন্টারনেটে যাচাই-বাছাই বা রিভিউ দেখার যে সুযোগ পান, সরাসরি কেনার এ সুবিধার কারণে সেই সুযোগ কমে যাবে। ফলে অনেক সময় গ্রাহকরা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। অনেকে একে ডিজিটাল স্ক্রিনগুলোকে কেবলই বিজ্ঞাপনী স্বার্থে ব্যবহারের আরেকটি কৌশল হিসেবে দেখছেন। তবে সমস্ত সমালোচনা সত্ত্বেও ইউটিউব আত্মবিশ্বাসী যে, ভবিষ্যতের টেলিভিশন দেখার অভিজ্ঞতায় এই শপিং ইন্টিগ্রেশন একটি বড় বিপ্লব ঘটাবে।



