বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সার কারখানাগুলোর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্য কোনো সার কারখানা সারা বছর চালানো সম্ভব নয়। বিভিন্ন সময় গ্যাস সংকটের কারণে সমস্যা সৃষ্টি হয়। গ্যাস উৎপাদনে অগ্রাধিকার দেওয়া হয় বিদ্যুৎ উৎপাদনকে, তারপর গ্যাস, তারপর শিল্প কারখানা এবং তৃতীয় পর্যায়ে সার কারখানা।
সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত
সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর। কারখানাটির স্থাপিত উৎপাদনক্ষমতার তুলনায় বর্তমান উৎপাদন অনেক কমে গেছে। এটি বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন কম হয়। এ কারণে এই সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞ দল গঠন
মন্ত্রী বলেন, সিইউএফএল যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য কী পরিবর্তন আনতে হবে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ দল নিয়ে প্রাথমিক পরিদর্শনে এসেছেন। পরিদর্শনে মন্ত্রী কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা ঘুরে দেখেন। তিনি সিইউএফএল সার কারখানায় একটি গাছের চারা রোপণ করেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন।
উপস্থিত কর্মকর্তারা
এ সময় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



