চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ডিজেল পাচারের সময় একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার স্থানীয় মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) নামে একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের অভিযান
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক জানান, তেলবাহী একটি লরি থেকে বিভিন্ন ড্রামে তেল ভর্তি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি নসিমন (ভটভটি), ৪টি ট্রলি, ২টি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার (জারকিন) জব্দ করা হয়।
তদন্ত ও আইনগত ব্যবস্থা
পুলিশ জানিয়েছে, লরিটি কোন কোম্পানির এবং কোন ডিপো থেকে তেল নিয়ে এসেছিল তা তদন্ত করা হচ্ছে। চালক ও পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাম্প মালিকের দাবি
ভোলাহাট উপজেলায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন নামে একটি মাত্র পাম্প থাকলেও পাম্প মালিক আব্দুল লতিফ দাবি করেছেন, জব্দকৃত লরিটি তাদের নয়।
প্রশাসনের বক্তব্য
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানাউল মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজেলসহ ট্যাংকলরিটি কার তা এখনও নিশ্চিত নয়। তবে লরিটিতে ৭ থেকে ৯ হাজার লিটার ডিজেল ছিল। নথিপত্র মোতাবেক ভোলাহাটের পাম্পের জন্য তেল বরাদ্দ হয়েছে মঙ্গলবার। সেই হিসেবে বুধবার বরাদ্দকৃত তেল বিক্রয় হওয়ার কথা। তিনি আরও বলেন, লরি চালকসহ সংশ্লিষ্টদের আটকের পর এবং তদন্ত সাপেক্ষে তেল পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।



