বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলে পরাজিত হয় তারা। দলের এই বাজে হারের খেসারত দিতে হলো তিউনিসিয়ার কোচ সাবরি লামুশিকে। হারের পরদিনই তাকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারের পর দেশটির ফুটবল ফেডারেশন ঘোষণা দেয় যে সাবরি লামোচি আর দলের ডাগ আউটে থাকবেন না।
প্রথম কোচ বরখাস্ত
চলমান বিশ্বকাপে কোনো দল থেকে কোচ বরখাস্ত হওয়ার প্রথম ঘটনা এটি। সুইডেনের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরপরই সোমবার (১৫ জুন) জরুরি বৈঠকে বসে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে নামার ঠিক আগের প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর এবার বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই ৫ গোল হজম করে তারা। সব মিলিয়ে লামুশির ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়েছে দেশটির বোর্ড।
কোচের পথচলা
আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সামি ট্রাবেলসিকে সরিয়ে লামুশিকে দায়িত্ব দিয়েছিল তিউনিসিয়া। কিন্তু তার অধীনে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পায় দল। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করলেও এই দলটির গ্রাফ কেবল নিচে নেমেছে। আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। তার আগেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায় তারা।
নতুন কোচের সম্ভাবনা
নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিউনিসিয়ার সাবেক তারকা উইঙ্গার ওয়াহবি খাজরিকে নিয়ে। তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা জোরালো বলে ধারণা করা হচ্ছে। তিউনিসিয়া ফুটবল ফেডারেশন দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।



