সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রস্তাব করেন।

লোডশেডিং পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। তিনি বলেন, বিষয়টি সহনীয় মাত্রায় আনার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও বলেন, 'শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে, এটা কোনোভাবেই কাম্য নয়।'

বিরোধীদলীয় নেতার প্রস্তাব

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজের বক্তব্যে সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'বিরোধী দলীয় নেতা সংসদের অধিবেশন তো বন্ধ করা যাবে না।' তখন ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, 'আমি সংসদ অধিবেশনে লোডশেডিং করার কথা বলিনি। বলেছি সংসদ ভবনের বিভিন্ন অফিসে লোডশেডিং করার কথা।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিদ্যুৎ ঘাটতির তথ্য

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বুধবার (২২ এপ্রিল) বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, অথচ উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। অর্থাৎ দিনে ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। তাই লোডশেডিং করতে বাধ্য হতে হচ্ছে। তিনি বলেন, 'স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে, এই উত্তপ্ত গরমে আমাদের অনেকে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হচ্ছেন। বিদ্যুৎ সমস্যা বর্তমান নির্বাচিত সরকারের নয়, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সবাইকে নিতে হচ্ছে। উৎপাদন ক্ষমতা কাগজে-কলমে বেশি থাকলেও বাস্তবতায় গড়মিল রয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডা. শফিকুর রহমানের এই প্রস্তাব সংসদে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করলে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা যাবে।