১১ পয়সা ভাড়া বাড়লেও যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের আশঙ্কা
১১ পয়সা ভাড়া বাড়লেও টাকা আদায়ের আশঙ্কা

রাজধানীর বনশ্রীর বাসিন্দা সেলিম মিয়া। তিনি গুলশান এক নম্বরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং আলিফ পরিবহনের বাসে যাতায়াত করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে পয়সায়। কিন্তু বাসওয়ালারা কি এটা মানবে? তারা তো টাকাতেই নেবে।

সেলিম মিয়া বলেন, বনশ্রী থেকে বাড্ডা হয়ে গুলশান-১ নম্বরের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। বর্তমান ভাড়া ২০ টাকা। কিলোমিটার হিসাবে বাড়তি ভাড়া যোগ হওয়ার কথা ৬৬ পয়সা। এই পয়সা কি তারা নেবে? কমপক্ষে ৫ টাকা বাড়িয়ে নেবে। এখনই তারা এই ভাড়া চাচ্ছে।

তিনি বলেন, তাহলে কী দাঁড়ালো? সরকার বাড়ালো ১১ পয়সা। অর্থাৎ তার গন্তব্যস্থলের জন্য বড়জোর এক টাকা। সেখানে দিতে হবে ৫ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এভাবে সড়ক-মহাসড়কে বাস মালিক সমিতি ইচ্ছেমতো ভাড়া নেবে। ফলে জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। এতদিন তারা সরকারের ঘোষণার অপেক্ষায় ছিল। সরকার ঘোষণা দিয়েছে, এখন নানা অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে।

রামপুরার বাসিন্দা জুয়েল আহমেদের অভিজ্ঞতা

রামপুরার বাসিন্দা জুয়েল আহমেদ মতিঝিলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, রামপুরা থেকে গুলিস্থানের বর্তমান ভাড়া ২০ টাকা। কিন্তু ৫ টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে। দুপুরের পর থেকে অর্থাৎ মন্ত্রীর ঘোষণার পর থেকেই এই রুটে এভাবে ভাড়া আদায় করা হচ্ছে।

তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে তারা একটি চার্ট তৈরি করেছে। সেই চার্ট দেখিয়ে দেখিয়ে ভাড়া নিচ্ছে।

জুয়েল আহমেদ বলেন, সরকার ১১ পয়সা বাড়ালে কী হবে, তারা তো টাকাতেই নিচ্ছে। সরকারের উচিত বিষয়টি মনিটরিং করা। তাহলে হয়তো ঠিকমতো ভাড়া নিতে বাধ্য হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আপাতত চোখে লাগছে না। কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব আছে। যখন বর্ধিতহারে ভাড়া আদায় শুরু হবে, তখন প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যাবে। বিভিন্ন শহর থেকে ঢাকায় মালামাল আসে। পরিবহন খরচ যখন বেড়ে যাবে, দামও বাড়বে। খুচরা পর্যায়ে আরও বাড়বে। সুতরাং, আমাদের মতো যারা চাকরিজীবী, ঢাকা শহরে তাদের টিকে থাকা দায় হয়ে যাবে।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

বাড়তি ভাড়া নিয়ে সাধারণ মানুষ বলছেন, সরকার ১১ পয়সা বাড়ালেও যাত্রীর কাছ থেকে টাকা হিসেবেই তারা নেবে। আগের ১০ টাকা ভাড়ার জায়গায় ৫ টাকা হারে বাড়াবে। অর্থাৎ আগে যেখানে সর্বনিম্ন ১০ টাকা ছিল, সেখানে ১৫ টাকা হবে। এরপর দূরত্ব অনুযায়ী ইচ্ছেমতো বাড়িয়ে নেওয়া হবে।

তারা বলছেন, বাসে তো হেলপার-কন্ট্রাক্টরের সঙ্গে যাত্রীরা হাতাহাতি করতে যাবে না। নীরবে দিয়ে যেতে হবে।

প্রসঙ্গত, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যাত্রীদের প্রতি কিলোমিটারে আগের তুলনায় ১১ পয়সা বেশি ভাড়া গুনতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর সরকার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।