বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ল, নতুন হার কার্যকর
বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ল

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ কথা জানান।

নতুন ভাড়া কত?

ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

শতকরা ভাড়া বৃদ্ধি

এই হিসাবে ঢাকা–চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ৪.৫ শতাংশ, আন্তজেলায় ৫.১ শতাংশ ও ডিটিসিএ এলাকায় ৪.৭ শতাংশ বেড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাড়া বাড়ানোর কারণ

বাসভাড়া বাড়ানোর কারণ হিসেবে ডিজেলের দাম বাড়ার কথা উল্লেখ করেন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার দীর্ঘসময় জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিজেলে প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন খাতে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাসভাড়া কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল, তবে শেষ পর্যন্ত ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া

মন্ত্রী জানান, পরিবহন মালিক, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়া আজ থেকেই কার্যকর এবং জ্বালানি তেলের দাম বাড়া–কমার সঙ্গে পরবর্তী সময় বাসভাড়া সমন্বয় করা হবে।

রেল ও লঞ্চভাড়া

রেলভাড়া ও লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই বলে জানান মন্ত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ