রাজধানীতে ভারি বৃষ্টিপাত
মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রোববার (২১ জুন) বিকালে থেকে ঢাকায় বৃষ্টি শুরু হয়। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে। এছাড়া সোমবার দুপুরের পর আবার বৃষ্টি হতে পারে।
দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার ভারি বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটাকে ভারি বৃষ্টি হিসেবেই ধরা হয়; আর এই বৃষ্টির ফলে নগরের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে অফিস শেষে ঘরমুখী মানুষের। বিকাল ৫টার পর ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালীসহ বিভিন্ন স্থানে শত শত মানুষকে যানবাহন পাওয়ার আশায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জলাবদ্ধতায় ভোগান্তি
নগরের তেজতুরী বাজার, ফার্মগেট, কারওয়ান বাজার, কাঁঠালবাগান, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
আবহাওয়াবিদের ব্যাখ্যা
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ‘মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয়। ফলে ওদিকে বৃষ্টি হচ্ছে। দেশের মধ্যাঞ্চলে হালকা সক্রিয় ফলে ঢাকাসহ আশপাশে প্রতিদিন বৃষ্টি না হলেও ২-১ দিন পর হচ্ছে। বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টিপাত হতে থাকবে।’
তিনি বলেন, গত দুদিন ঢাকায় অনেক গরম ছিল। বর্ষাকালে বৃষ্টি হলে আবহাওয়া সহনশীল থাকে। নতুবা ভ্যাপসা গরম অনুভূত হয়।
সোমবারের পূর্বাভাস
সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



