লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কয়েক ঘণ্টা পর আবারও কিছুটা নিচে নেমেছে। ফলে নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। তবে শুক্রবার নতুন করে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।
পানির স্তরের ওঠানামা
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিস্তা ব্যারাজ (ডালিয়া) পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। সকাল ৬টায় সেখানে পানিপ্রবাহ ছিল বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে। ওই পয়েন্টে সকাল ৯টায় ১০ সেন্টিমিটার, দুপুর ১২টা ও বিকাল ৩টায় ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি।
গত ২৪ ঘণ্টার চিত্র
এর আগে ওই পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে এবং রাত ৯টায় বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় নদীটির পানি। ওই দিন সকাল ছয়টায় সেখানে পানিপ্রবাহ ছিল বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচে। সকাল ৯টায় ২৩ সেন্টিমিটার, দুপুর ১২টায় ২১ সেন্টিমিটার ও বিকাল ৩টায় ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি।
বৃষ্টির প্রভাব
পাউবো জানায়, রংপুর অঞ্চলের তিস্তা অববাহিকায় এবং উজানে ভারতের জলপাইগুড়িসহ উৎপত্তিস্থল সিকিমের পাহাড়ি অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে নদীটিতে পানি বৃদ্ধি পেয়েছে।
বন্যার পূর্বাভাস
শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও ‘সাময়িকভাবে প্লাবিত হতে পারে’।



