আবহাওয়ায় উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও গাছ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষ উৎসব ২০২৬। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে মুরারিচাঁদ কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট বন্ধুসভা।
দিনব্যাপী উৎসব ও চারা বিতরণ
গত ২৮ জুন দিনব্যাপী সিলেট নগরের চাঁদনীঘাট এলাকায় (কিন ব্রিজের নিচে) উৎসবটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ পথচারীদের মধ্যে বিনা মূল্যে ২ হাজার ১০টি চারা গাছ বিতরণ করা হয়। বিতরণ করা চারা গাছের মধ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দিয়েছে ৮০০টি এবং সিলেট বন্ধুসভার নিজস্ব উদ্যোগে বিতরণ করা হয় আরও ১ হাজার ২১০টি চারা গাছ।
অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া
গাছ নিতে আসা ব্যক্তি আবদুল হান্নান বলেন, বর্তমানে বিশ্বের বনাঞ্চলের উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়ে গেছে, যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণও জরুরি।
সিলেট বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সূবর্না দেব বলেন, ‘এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পরিবেশ–সচেতনতা বৃদ্ধি করবে এবং বৃক্ষ সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে।’
আয়োজকদের বক্তব্য
সিলেট বন্ধুসভার সভাপতি জানান, এই উৎসবের মাধ্যমে তারা সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



