পাবনা শহরের অধিকাংশ সড়ক দীর্ঘদিন মেরামত না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। এর ওপর পানিনিষ্কাশনের নালাগুলো বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শালগাড়িয়া, পাবনা থেকে ১৯ জুন তোলা ছবিতে এমন দৃশ্য দেখা গেছে। ছবিটি তুলেছেন হাসান মাহমুদ।
রংপুরের গ্রামীণ দৃশ্য
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানাপুকুর এলাকায় এক নারী বাড়ির আঙিনায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীর কাছে শাড়ি কিনছিলেন। মঈনুল ইসলামের তোলা এই ছবিটি ১৯ জুনের। একই এলাকায় বাঁশের রঙিন চাঁটাই দিয়ে ডালি তৈরি করছিলেন পুষ্প রানী। তিনি প্রতিটি ডালি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করেন। এছাড়া সড়কের ধারে গাছ থেকে পড়ে থাকা পাকা জাম কুড়াচ্ছিল দুই শিশু। এসব ছবি মঈনুল ইসলামের তোলা।
গাজীপুর ও রাঙামাটি
গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় পেয়ারাগাছে খাবারের খোঁজে দেখা গেছে একটি কাঠবিড়ালী। ছবিটি তুলেছেন সাদিক মৃধা। অন্যদিকে, রাঙামাটি দ্বিতীয় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বিভিন্ন দলে ভাগ হয়ে খেলছিলেন দাবাড়ুরা। রানি দয়াময়ী উচ্চবিদ্যালয় হলে ১৯ জুন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি তুলেছেন সুপ্রিয় চাকমা।
বান্দরবান ও রাঙামাটি
বান্দরবানের ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় রাতের বৃষ্টিতে মাঠে জমে থাকা পানিতে লুই দিয়ে মাছ ধরায় ব্যস্ত ছিলেন এক পাহাড়ি নারী। মং হাই সিং মারমা ১৯ জুন এই ছবি তোলেন। একই দিনে রাঙামাটির লেমুছড়ি এলাকায় খাবারের খোঁজে গাছের ডালে দেখা গেছে ডোরাকাটা নীল কালো মৌটুসী পাখি। ছবি তুলেছেন সুপ্রিয় চাকমা।



