মেসির বিরুদ্ধে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অস্ট্রিয়ার গোলরক্ষক
বিশ্বকাপের গ্রুপপর্বে সোমবার (২২ জুন) আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে অস্ট্রিয়া। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল বিশ্বের বহুল আলোচিত মেসি-রোনালদো বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার।
রেড বুল সালজবার্গের এই অভিজ্ঞ গোলরক্ষক জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা শ্লাগার আর্জেন্টিনা ম্যাচের আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘তাত্ত্বিকভাবে বলতে গেলে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক।’
তবে রোনালদোর প্রতি নিজের পছন্দের কথা জানালেও লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে শ্লাগার বলেন, ‘মেসি দীর্ঘ সময় ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। তাকে ছোট করে দেখার বা তার সমালোচনা করার কোনো সুযোগ নেই।’
মেসির মাঠের প্রভাব নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন এই অস্ট্রিয়ান গোলরক্ষক। তার ভাষায়, ‘মাঠে মেসির উপস্থিতি অসাধারণ। তার উপস্থিতি পুরো দলের শরীরী ভাষাতেই প্রতিফলিত হয়। সে মাঠে থাকলে এক ধরনের আলাদা শক্তি ও আবহ তৈরি হয়।’
তবে ব্যক্তিগত প্রশংসা মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন শ্লাগার। তিনি বলেন, ‘সোমবার তার বিপক্ষে খেলার অপেক্ষায় আছি। মেসি ও আর্জেন্টিনাকে থামাতে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
পরবর্তী খেলা
- গ্রুপ ডি: রাত ১টা, যুক্তরাষ্ট্র – অস্ট্রেলিয়া, লুমেন ফিল্ড, সিয়াটল
শনিবার ২০ জুন ২০২৬
- গ্রুপ সি: ভোর ৪টা, স্কটল্যান্ড – মরক্কো, জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস
- গ্রুপ সি: সকাল ৬টা ৩০ মিনিট, ব্রাজিল – হাইতি, লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া



