রাজধানী ঢাকায় সকাল থেকে টানা বৃষ্টিতে মতিঝিল, ফকিরাপুল, নয়াপল্টন, মিরপুর ও কাজীপাড়া এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মতিঝিল ও ফকিরাপুলে জলাবদ্ধতা
মতিঝিল এলাকায় সড়কে জমে থাকা পানির মধ্য দিয়ে গন্তব্যে ছুটছেন শিক্ষার্থীরা। জলাবদ্ধতায় চলতে গিয়ে ব্যাটারিচালিত রিকশা বিকল হয়ে পড়ায় মাঝপথে বিড়ম্বনায় পড়েছেন চালক ও যাত্রীরা। পানিতে ডুবে যাওয়া সড়কের পাশেই ঠেলাগাড়ির দোকানে বসে আছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। ফকিরাপুল মোড়ে জমে থাকা পানির নিচে ডুবে থাকা নালার মুখে তৈরি হয়েছে ঘূর্ণি।
যানজট ও নগরজীবন
জলাবদ্ধ সড়কে ধীরগতিতে চলছে বাস ও অন্যান্য যানবাহন। এ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নয়াপল্টনেও জলাবদ্ধ সড়কেই চলছে নগরজীবন। বৃষ্টি থামেনি, থামেনি নগরের ব্যস্ততাও। জলাবদ্ধতা আর ভোগান্তিকে সঙ্গী করেই এগিয়ে চলেছে রাজধানীর মানুষ।
মিরপুর ও কাজীপাড়ায় দুর্ভোগ
বৃষ্টির কারণে মিরপুরের একটি সড়কের অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে। কোথায় গর্ত আর কোথায় রাস্তা—বোঝাই কঠিন। টানা বৃষ্টিতে নর্দমার পানি উপচে সড়কে মিশে গেছে। দুর্ভোগের পাশাপাশি বেড়েছে জনস্বাস্থ্য ঝুঁকি। কাজীপাড়া এলাকায় জলাবদ্ধতার মধ্যে চলাচলের সময় হাত থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে পড়ে যাওয়ায় তা তুলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন এক ব্যক্তি। জলজটে কাজীপাড়া এলাকায় সৃষ্টি হয় জানজট।
জীবিকার তাগিদে রাস্তায়
বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন সিএনজিচালক। ছবিগুলো তুলেছেন দীপু মালাকার ও তানভীর আহাম্মেদ।



