রাজধানীর মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটির পাশে একটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় মো. রনি (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
ভবনটির সপ্তম তলায় ঢালাইয়ের মালামাল ওপরে তোলার সময় রশি ছিঁড়ে ‘রুপস’ (মালামাল ওঠানোর বাহন) রনির মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের বক্তব্য
দুর্ঘটনার পর সহকর্মীরা রনিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আব্দুর রহমান জানান, সকাল ৯টার দিকে মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটির পাশের একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় ঢালাইয়ের মালামাল ওপরে তোলার সময় ডাব্বরের রশি ছিঁড়ে যায়। এতে নিচে থাকা রনির মাথায় সেটি পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, নিহত রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের মো. সাহেব আলীর ছেলে। মোহাম্মদপুর এলাকায় থাকতেন।
নিহতের পরিচয় ও কাজ
সহকর্মীরা বলেন, রনি মিক্সচার মেশিন অপারেটর ছিলেন। নিচে মেশিনের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢালাই ওপরে তোলার বাহন রুপসটি তার ওপর পড়ে। রনি দুই বছর ধরে এই কাজ করছিলেন।
পুলিশের বক্তব্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



