উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 'নীল উৎসব' এবং 'চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬' আয়োজন করা হয়েছে। আগামী ১৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির উদ্যোগে আয়োজিত এই আয়োজনের মূল লক্ষ্য নতুন প্রজন্মের শিল্পচেতনা, সৃজনশীলতা ও সংস্কৃতিকে উৎসাহিত করা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিস্তারিত
এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় 'বর্ষাকাল'। অংশগ্রহণকারীরা তিনটি গ্রুপে অংশ নিতে পারবে:
- গ্রুপ এ (৩–৫ বছর): যেকোনো মাধ্যম
- গ্রুপ বি (৬–১০ বছর): ওয়াটারকালার
- গ্রুপ সি (১১–১৮ বছর): ওয়াটারকালার
পেপার সাইজ: সকল গ্রুপের জন্য নিজের ইচ্ছামতো।
নীল উৎসবের বিশেষত্ব
নীল উৎসব শুধু প্রতিযোগিতা নয়, বরং শিল্প, সংস্কৃতি ও প্রতিভার এক মিলনমেলা। উৎসবজুড়ে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ও সৃজনশীল ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন, দিলারা জামান, ফাহমিদা নবী, দিলশাদ নাহার কনা, সোমনুর মনির কোনাল, চয়নিকা চৌধুরী, রোজি সিদ্দিকী, অপি করিম, দীপা খন্দকার, শবনম ফারিয়া, কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ আরও অনেকে।
রঙ, সংস্কৃতি ও সৃজনশীলতার এই আয়োজন নতুন প্রজন্মের শিল্পীসত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।



