পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে, যার মধ্যে ৫ হাজার অবৈধ। তিনি বলেন, 'এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা সবার সঙ্গে কথা বলে এ থেকে উত্তরণের পথ বের করব, কারণ ইটভাটা দূষণের একটা অন্যতম কারণ।'
নারায়ণগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী
সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে 'যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি' প্রতিপাদ্যে ৮ দিনব্যাপী পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইটের বিকল্প ও দূষণ নিয়ন্ত্রণ
প্রতিমন্ত্রী আরও বলেন, 'আমাদের উন্নয়ন ও কর্মকাণ্ডের জন্য এখনও ইটের বিকল্প আমরা শতভাগ করতে পারিনি। বিগত সরকারের সময়ে টার্গেট থাকলেও তা পূরণ হয়নি।' তিনি ইটিপি ব্যবহার না করা এবং গাড়ির ধোঁয়াকেও পরিবেশ দূষণের কারণ হিসেবে উল্লেখ করেন। 'উৎসগুলো ঠিক করে আমরা এগোব এবং আশা করতে পারেন আগামী বছরের মধ্যে কিছুটা হলে স্বস্তির জায়গায় নিয়ে আসব,' বলেন তিনি।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।
উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ।



