জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যানের বাজেট সমালোচনা
জাতীয় পার্টির একাংশের বাজেট সমালোচনা

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট হিসেবে বর্ণনা করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, এবারের বাজেট সম্ভাবনার আলোকবর্তিকা এবং বাস্তবায়নের এক কঠিন পরীক্ষার নাম।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাস্তবিক অর্থে আমরা একটি কঠিন সময় পার করছি। এ কঠিন সময়কে মোকাবিলা করার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করতে হয়েছে বলে মনে হচ্ছে। ফলে এখানে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য বিশাল প্রতিশ্রুতি দিতে হয়েছে সরকারকে। কিন্তু বাস্তবে রয়েছে রাজস্বের দুর্বল ভিত্তি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এবারের বাজেটকে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিমুখী একটি উচ্চাভিলাষী বাজেট বলা যায়। বাজেটের প্রধান দুর্বলতা হলো রাজস্ব আহরণের অনিশ্চয়তা, বড় ঘাটতি, ঋণনির্ভর অর্থায়ন এবং বাস্তবায়ন পরিকল্পনার অস্পষ্টতা। তবে সার্বিক বিবেচনায় প্রস্তাবিত বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর।

সংবাদ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য শুধু অর্থনৈতিক পরিকল্পনা যথেষ্ট নয়, পাশাপাশি সুশাসন, আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। এসব বিষয় সুরক্ষিত না হলে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম, জহিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।