ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় আবাসিক গ্রাহকদের পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ১০টার দিকে এ অবরোধ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান।
আন্দোলনের কারণ ও অভিযোগ
আন্দোলনকারীরা জানান, প্রায় দুই বছর ধরে ধামরাই উপজেলার গোয়ালদী, বাটুলিয়া, মহিষাশী, কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত এলাকায় তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। রান্নার কাজে গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার ও কাঠ ব্যবহার করতে হচ্ছে তাদের। পর্যাপ্ত গ্যাস না পেলেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।
তারা অভিযোগ করেন, কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে তাদের এলাকায় গ্যাস সরবরাহ করা হলেও ওই লাইনে গ্যাসের চাপ কম থাকায় আবাসিক গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন না। ডিআরএসের পূর্ব পাশে থাকা একটি রি-রোলিং মিল এবং কালামপুর বিসিক শিল্পনগরী–সংলগ্ন এলাকায় একটি সিরামিক কারখানা অবৈধভাবে বুস্টার ব্যবহার করে অতিরিক্ত গ্যাস টেনে নেওয়ায় আবাসিক এলাকায় গ্যাস সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীদের বক্তব্য
কালামপুর এলাকার বাসিন্দা গৃহবধূ সুলতানা বেগম বলেন, ‘সকালে আমরা ঠিকমতো রান্না করতে পারি না। আমাদের একটাই দাবি, বাসায় পর্যাপ্ত গ্যাস দিতে হবে। আর যত দিন গ্যাস পাইনি, তত দিনের বিল মওকুফ করতে হবে।’
পুলিশ ও প্রশাসনের ভূমিকা
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতুব্বর প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে আবাসিক এলাকায় গ্যাসসংকট নিরসন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে কালামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে পুলিশ এবং ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
ওসি আরও জানান, ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন তিতাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে জানালে অবরোধকারীরা বেলা সোয়া ১১টার দিকে সড়ক থেকে সরে যান।



