বঙ্গবাজার অগ্নিকাণ্ড মামলায় সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার দেখানোর আদেশ
বঙ্গবাজার মামলায় সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বলেন, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম খান কারাবন্দী আফজাল হোসেনকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার ও ক্ষয়ক্ষতি

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে মো. কামাল হোসেন নামের এক ব্যক্তি পরের বছরের ২২ নভেম্বর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে আসামি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত কর্মকর্তার বক্তব্য

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আফজাল হোসেনের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

২০২৫ সালের ২৪ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণ–অভ্যুত্থানকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে সাতটির বেশি মামলা রয়েছে।

বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনা

২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি তখন বলেছিল, মশার কয়েলের আগুন বা বৈদ্যুতিক গোলযোগ থেকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় ২০২৩ সালের ১১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল। তারা বলেছিল, মার্কেটের তৃতীয় তলায় একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়। সিগারেটের অথবা মশার কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটে। এতে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী সর্বস্ব হারান। ক্ষয়ক্ষতি হয় ৩০৫ কোটি টাকার।