সিলেটে জ্বালানি তেল ও বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
সিলেটে জ্বালানি তেল ও বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সিলেটে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের কারণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত এই বিক্ষোভের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তথা সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও মাত্র তিন মাসের মাথায় ৭৫ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দেড় টাকা মূল্যবৃদ্ধি করেছে, যা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এবং জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে এবং একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

মিছিল ও পথসভা

কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মো. আলিম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু এবং জামায়াত নেতা মুহাম্মদ আজিজুল ইসলাম।