গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাত পর্যন্ত তালহা স্পিনিং মিল কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
ঘটনার বিবরণ
খবর পেয়ে হাইওয়ে, থানা এবং শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে তারা মহাসড়ক থেকে সরে গেলে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত ওই কারখানার শ্রমিকরা তাদের মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বুধবার (১৭ জুন) মে মাসের বেতন বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। ওইদিন শ্রমিকরা কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন। পরে তাদের বেতন না দিয়ে কর্তৃপক্ষ পরদিন বৃহস্পতিবার দেবে বলে জানায় এবং ছুটি দিয়ে দেয়। বৃহস্পতিবারও সারাদিন শ্রমিকরা কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করতে থাকেন। কর্তৃপক্ষ তাদের একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিলেও না দিয়ে সময় পার করছে এবং শ্রমিকদের সঙ্গে টালবাহানা করে। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনও কিছু না জানালে তারা ওইদিন রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।
যানজট ও পুলিশি ব্যবস্থা
এ সময় মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে ৩ ঘন্টা পর রাত ১টার দিকে যান চলাচল শুরু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বিক্ষোভকারী শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বকেয়া পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিল্পপুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’



