বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। সেই প্রভাব বড়সড় পরিমাণে পড়েছে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টানা ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে মূল্যবান ধাতুটির দাম।
স্বর্ণের দাম বৃদ্ধির বিবরণ
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়। এর আগের দিনই ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল স্বর্ণ। একই সময় আগস্ট ডেলিভারির যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও সামান্য বেড়ে ৪ হাজার ৮৭ ডলারে দাঁড়িয়েছে।
কারণ ও প্রভাব
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য এবং তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরাও অপেক্ষায় রয়েছেন। তার প্রভাব পড়েছে স্বর্ণের দামে।
প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান হয়েছে ৯৮ হাজার। যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ১ লাখ ১৮ হাজার। প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান সৃষ্টির এই তথ্য প্রকাশের পর সাত মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়ায় স্বর্ণের বাজার।
বিশেষজ্ঞদের মতামত
এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, 'বাজারে এখন নিম্নমুখী অবস্থান নেওয়ার ক্ষেত্রে সতর্কতা রয়েছে। কারণ, দাম নিচে নামলেও তা দ্রুতই আবার ঘুরে দাঁড়াচ্ছে।'
ফেড চেয়ার কেভিন ওয়ার্শ বলেন, 'সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতি নিয়ে প্রত্যাশা ও ঝুঁকি কিছুটা কমেছে।' তবে তিনি পুনর্ব্যক্ত করেন, ফেড এখনো মূল্যস্ফীতিকে ২ শতাংশ লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
সুদহার বৃদ্ধির সম্ভাবনা
সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে ফেড সুদহার বাড়াতে পারে—এমন সম্ভাবনা এখন প্রায় ৬৬ শতাংশ হিসেবে বিবেচনা করছেন বাজারসংশ্লিষ্টরা।
অন্যান্য মূল্যবান ধাতুর দাম
শুধু স্বর্ণের নয়, সঙ্গে বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। এর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৪ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ৮৯ ডলারে উঠেছে।



