রয়্যাল এনফিল্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে উন্মোচন হলো ক্ল্যাসিক ৩৫০ ও মেটেওর ৩৫০
রয়্যাল এনফিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে নতুন বাইক উন্মোচন

রয়্যাল এনফিল্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশে উন্মোচন হলো ক্ল্যাসিক ৩৫০ ও মেটেওর ৩৫০

মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। সম্প্রতি এ উপলক্ষে নতুন ক্ল্যাসিক ৩৫০ ও মেটেওর ৩৫০ বাংলাদেশের বাজারে বাইক দুটি উন্মোচন করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের বাজার ও ক্রমবর্ধমান রাইডার কমিউনিটির প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার আবারও ব্যক্ত করেছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জন্য বিশেষ ক্ল্যাসিক ৩৫০

রয়্যাল এনফিল্ড শুধু বাংলাদেশের জন্য একটি লিমিটেড-রান ক্ল্যাসিক ৩৫০ ছেড়েছে। বাংলাদেশের বিস্তৃত ভূপ্রকৃতি ও আইকনিক স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে এই মডেলের রংগুলোর নামকরণ করা হয়েছে। যেমন, ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড এবং সুন্দরবন গ্রিন। প্রতিটি বাইক নিজস্ব বৈশিষ্ট্য বহন করলেও ক্ল্যাসিক ৩৫০–এর চিরায়ত নকশা, কারুকার্য এবং রয়্যাল এনফিল্ডের অনন্য ডিএনএকে অটুট রেখেছে।

মেটেওর ৩৫০-এর চারটি মডেল

এই প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মোচন করা হয়েছে মেটেওর ৩৫০ বাইকও। আরামদায়ক চালনার অভিজ্ঞতা, রি–ডিফাইন্ড পারফরম্যান্স ও সমকালীন স্টাইলিংয়ের সমন্বয়ে মেটেওর ৩৫০ বাংলাদেশের বাজারে এসেছে চারটি মডেলে—ফায়ার বল, স্টেলার, অরোরা ও সুপারনোভা। আর এগুলো পাওয়া যাবে সাতটি আকর্ষণীয় রঙে।

নির্ভরযোগ্য ইঞ্জিন ও স্থানীয় উৎপাদন

দুটি মডেলের বাইকেই আছে রয়্যাল এনফিল্ডের নির্ভরযোগ্য জে–সিরিজ ২৫০ সিসি ইঞ্জিন। শহরের মধ্যে কিংবা দীর্ঘ দূরত্বের ভ্রমণ—এই দুই ক্ষেত্রেই মোটরসাইকেলগুলো সমানভাবে কার্যকর। বিশ্বব্যাপী রয়্যাল এনফিল্ড সহজলভ্যতা, গুণগতমান এবং টেকসই প্রবৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। নতুন এই মোটরসাইকেলগুলো বাংলাদেশের স্থানীয় কারখানা থেকেই বাজারজাত করা হবে।

রাইডার কমিউনিটির প্রতি অঙ্গীকার

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক ইফাদ মোটরসের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে এক বছর পূর্ণ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাইডার ও উৎসাহীদের অভূতপূর্ব সাড়া ব্র্যান্ডটিকে আরও উজ্জীবিত করেছে। ক্ল্যাসিক ৩৫০–এ এনিভার্সারি এডিশন এবং এক্সটেন্ডেড মেটেওর ৩৫০ লাইনআপ দেশের ক্রমবর্ধমান রাইডিং কালচারকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি আসল মোটরসাইক্লিং অভিজ্ঞতার মাধ্যমে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’

ইফাদ মোটরস স্থানীয় উৎপাদন সুবিধা এবং সম্প্রসারিত বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে রয়্যাল এনফিল্ডের সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, ইফাদ রাইডারদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের মোটরসাইকেলপ্রেমীদের একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করছে।