গরমে ত্বকের যত্নে তরমুজের কার্যকরী ব্যবহার ও উপকারিতা
গরমে ত্বকের যত্নে তরমুজের ব্যবহার ও উপকারিতা

গ্রীষ্মের দাবদাহে বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা তরমুজ খেতে সবাই পছন্দ করেন। তবে শুধু খাবার নয়, রোদে পোড়া ত্বককে সতেজ করতেও তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজের লাল অংশ, হালকা সবুজ অংশ, এমনকি খোসার কাছের স্তরটিও পুষ্টিগুণে ভরপুর।

ত্বকের জন্য তরমুজ কেন এত কার্যকর

ত্বক যখন পানিশূন্য হয়ে পড়ে, তখন রুক্ষতা, ক্লান্তি ও নিস্তেজ ভাব দেখা দেয়। তরমুজ ত্বককে ভেতর থেকে আর্দ্র করে এবং বাইরে এনে দেয় স্বাভাবিক সতেজতা। তরমুজে থাকা ভিটামিন এ, সি ও ই একসঙ্গে ত্বকের কোষকে নতুন করে গড়ে তোলে, কোলাজেন বাড়ায় এবং ত্বককে মসৃণ ও টানটান রাখে। বিশেষ করে খোসার কাছাকাছি অংশে থাকা ভিটামিন ই ত্বকের ক্ষতি সারিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তরমুজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার মধ্যে লাইকোপিন উল্লেখযোগ্য। এটি ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা রক্ষা করে এবং ত্বকের ক্ষতি কমাতে সহায়তা করে। শারমিন কচি বলেন, এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে শুধু মেরামতই করে না, বরং ভেতর থেকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।

সব ত্বকের জন্যই কি তরমুজ মানানসই

শারমিন কচি বলেন, তরমুজ খুব সহজেই প্রায় সব ধরনের ত্বকের সঙ্গে মানিয়ে যায়, কারণ এতে তীব্র রাসায়নিক কোনো উপাদান থাকে না। এটি আর্দ্রতা ফিরিয়ে এনে শুষ্ক ত্বককে নরম করে। তৈলাক্ত ত্বকেও আঠালো ভাব দূর করে হালকা ও সতেজ অনুভূতি আনে। মিশ্র ত্বকের ক্ষেত্রে এটি ত্বকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তিনি আরও বলেন, শুধু ত্বকে লাগিয়ে নয়, তরমুজ খাওয়ার মাধ্যমেও এটি কাজ করে, বরং তা অধিক কার্যকর। কারণ ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখাই ত্বকের জন্য বেশি উপকারী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তরমুজ দিয়ে ত্বকচর্চা খুব জটিল নয়

তরমুজ দিয়ে ঘরোয়া টোটকা তৈরি করা খুব সহজ। শুধু খোসা বা রসালো অংশই নয়, ত্বকচর্চায় দারুণ কার্যকর তরমুজের বীজও। শারমিন কচি জানান, বীজ শুকিয়ে গুঁড়া করে ঘরেই প্রাকৃতিক স্ক্রাব বানানো যায়, যা ত্বককে আলতোভাবে পরিষ্কার করে ও মৃত কোষ দূর করে।

হাইড্রেটিং প্যাক

তরমুজের রস বা পেস্টের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক কোমল হয়। সমপরিমাণে দুটি উপাদান মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে মধুর আর্দ্রতার গুণ আর তরমুজের পানি একসঙ্গে ত্বককে গভীরভাবে হাইড্রেট করতে সাহায্য করে।

উজ্জ্বলতার জন্য লেবু

ত্বকে একটু বাড়তি উজ্জ্বলতা চাইলে তরমুজ পেস্টের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। নিয়মিত লাগালে এটি ধীরে ধীরে ত্বকের দাগ ও রোদপোড়া ভাব কমাতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকে তরমুজের রস

তৈলাক্ত ত্বকের জন্য তরমুজের পেস্ট নয়, বরং রস বেশি কার্যকর। তরমুজের রস মুলতানি মাটি বা যেকোনো শুকনা ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে আসে এবং রোমকূপ কম দৃশ্যমান হয়।

তরমুজের রসের বরফ

তরমুজের রস ছেঁকে ফ্রিজে ছোট ছোট বক্সে জমিয়ে রাখুন। বাইরের গরম থেকে ফিরে এটি মুখে ঘষলে আরামের পাশাপাশি ত্বকের ক্লান্তি ও রোদপোড়া ভাব দূর হয়।

তবে খেয়াল রাখা জরুরি, তরমুজ দিয়ে তৈরি প্যাক, পেস্ট বা রস সব সময় তাজা অবস্থায় ব্যবহার করতে হবে। প্যাক বানিয়ে রেখে দেওয়া ঠিক নয়, কারণ প্রাকৃতিক উপাদান দ্রুত নষ্ট হয়ে যায়। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা উচিত। চোখের আশপাশের নরম ত্বকে এটি ব্যবহার না করাই ভালো।