বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে আগামী এক জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করছে সরকার। ক্যাশলেস বাংলাদেশ তৈরির জন্য সরকারের পরিকল্পনার অংশ হিসেবে, সরকারের পক্ষ থেকে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য
শনিবার (১৬ মে) খুলনার একটি অভিজাত হোটেলে মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমরা যে প্ল্যান করেছি, সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এতে আমাদের অনেক লাভ হবে। আমাদের রেভিনিউ কালেকশন, আমাদের ম্যানেজমেন্ট সব কিছু সহজ করবে।
তিনি আরও বলেন, আপনারা জানেন, প্রতিবছর আমাদের কাগজের নোট ছাপাতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এটি যদি অর্ধেকও নামিয়ে আনা যায়, তাহলে অন্তত ১০ হাজার কোটি টাকা সেভ করা সম্ভব হবে। এছাড়া কৃষক ঋণ ও পাঁচ ব্যাংককে একীভূত করার বিষয়ে কথা বলেন।
মুদ্রানীতি প্রণয়ন ও অংশীজনদের মতামত
২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। তারা খুলনার প্রেক্ষাপটে কৃষক ঋণ, কৃষকের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং সঠিক দাম প্রাপ্তিতে নানান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বিভিন্ন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।



