ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ: ড. মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
শনিবার (১৬ মে) দাউদকান্দি সদরে উপজেলা প্রশাসন আয়োজিত দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনভাবে ‘তলাবিহীন ঝুড়ি’র দেশকে ব্যাপক উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়েছেন। দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র সুসংহত এবং সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন। এতে জনগণের জীবনমান উন্নত হয়েছে। তাদের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও তার পিতা-মাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে একইভাবে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন, যা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখবে।
তিনি বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দ্রুততম সময়ে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামীতে দেশ দ্রুত এগিয়ে যাবে।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দুঃস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। আজও তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। ওই অনুষ্ঠানে দাউদকান্দি থেকে আমরাও লাইভে যোগ দিয়েছি। আজ দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ৫৮৭ জন দুঃস্থ নারী ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন। আমি এজন্য দাউদকান্দিবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, তারেক রহমান কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প- খাল খনন কর্মসূচি আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি এরমধ্যে রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখছেন। মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত ও আশাবাদী হয়ে উঠেছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা উপ-পরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী, এসিল্যান্ড রেদওয়ান ইসলাম ও দাউদকান্দি থানার ওসি এমএ বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, বিএনপি নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার ও কামাল হোসেন, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার প্রমুখ।



