রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় হাতেনাতে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ মে) বিকালে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঘটনার বিবরণ
শনিবার (২ মে) দিবাগত রাত ১০টার দিকে বাঁশেরপুল এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে টহলরত পুলিশ তাদের আটক করে। রাতেই ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতাররা হলো: যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার মৃত রুপ মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২০), একই এলাকার মো. কাশেমের ছেলে মুক্তার হোসেন (২২), মৃত আক্কাস আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৪) ও মো. রজব আলীর ছেলে মো. সুমন (১৯)।
পুলিশের বক্তব্য
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে একটি অটোরিকশায় ওঠে আসামিরা। পরবর্তীতে তারা অটোরিকশা চালক সুজনকে (২৭) বিভিন্ন স্থান ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে আসামিরা ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে পথচারী ও টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে আটক করে।



