হাতীবান্ধায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীরা
হাতীবান্ধায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা এড়ালো

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনায় বড় দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকশ যাত্রী। রবিবার (৩ মে) বিকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১) হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, অনেকে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরাই প্রথম ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পায়। তারা চিৎকার করলে চালক বিষয়টি টের পান এবং দ্রুত ব্যবস্থা নেন। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের মতামত

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের তেল চেম্বারে আগুনের সূত্রপাত হয়। চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে এ ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ