বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনের ম্যাচে স্পেন ১-০ গোলে জিতলেও আলোচনায় এসেছে পর্তুগিজ তারকা পেদ্রো নেতোর ছেঁড়া বুট। ৩০০ পাউন্ড দামের আধুনিক বুটের পেছনে গোড়ালির কাছে কাঁচি দিয়ে গোল করে কাটা, আর সেই ফুটো দিয়ে উঁকি দিচ্ছে মোজা।
কেন কাটা হয় বুট?
এটা কোনো ফ্যাশন ট্রেন্ড নয়, বরং চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পরিচিত হ্যাগলান্ডস ডিফরমিটির কারণে। ব্রাজিলের ফিলিপে কুতিনহো, রবার্তো ফিরমিনো এবং জার্মানির ম্যাটস হামেলসের মতো তারকারাও ক্যারিয়ারে এমন কাটা বুট পায়ে মাঠে নেমেছেন।
হ্যাগলান্ডস ডিফরমিটি কী?
লন্ডনের বিশেষজ্ঞ স্পোর্টস ফিজিওথেরাপিস্টদের মতে, এটি গোড়ালির পেছনে অ্যাকিলিস টেন্ডনের সংযুক্তিস্থলে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি। এই বাড়তি হাড় সবার ক্ষেত্রে ব্যথা সৃষ্টি করে না, কিন্তু আঁটসাঁট বুট পরলে চাপ পড়ে। গোড়ালির ওই অংশে ‘বার্সা’ নামক তরলের থলি থাকে, যা কুশন হিসেবে কাজ করে। শক্ত বুটের পেছনের অংশ ওই উঁচু হাড়ে চাপ দিয়ে টেন্ডন ও বার্সায় ঘর্ষণ সৃষ্টি করে, ফলে তীব্র ব্যথা ও প্রদাহ হয়।
বুট কাটার পদ্ধতি
ফুটবলাররা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছেড়ে দিতে পারেন না। তাই বুটের পেছনের শক্ত অংশ কাঁচি দিয়ে কেটে ফেলেন, যাতে গোড়ালির হাড় বুটের সঙ্গে ঘষা না খায়। বড় ক্লাবগুলোয় চিকিৎসকেরা মেপে মেপে ঠিক জায়গা কেটে দেন, বুটের ব্যালান্স নষ্ট না করে।
চিকিৎসা ও অস্ত্রোপচার
১৯২৭ সালে সুইডিশ সার্জন প্যাট্রিক হ্যাগলান্ড প্রথম এই সমস্যা শনাক্ত করেন। প্রাথমিক চিকিৎসায় ফিজিওথেরাপি, শকওয়েভ থেরাপি ও ইনজেকশনের মাধ্যমে ব্যথা কমানো হয়। তবে চূড়ান্ত সমাধান অস্ত্রোপচার, যা দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার দাবি রাখে। যুক্তরাষ্ট্রের ৮০০ মিটার দৌড়বিদ ডোনোভান ব্রাজিয়ার ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও হ্যাগলান্ডস ডিফরমিটির কারণে টানা তিন বছর ট্র্যাকে নামতে পারেননি, একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে।
ব্যথার বাস্তবতা
ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক স্টুয়ার্ট জেমস নিজেও এই সমস্যায় ভুগেছেন। তাঁর ভাষায়, ‘ভালো দিনে পায়ে ভোঁতা ব্যথা, খারাপ দিনে গোড়ালি দপদপ করে কাঁপত। শক্ত জুতা দেখলেই ভয় লাগত।’ এক্স-রে করে দেখা যায় গোড়ালিতে নতুন হাড় গজিয়ে প্রদাহ শুরু হয়েছে। অস্ত্রোপচারের পর সেরে ওঠা ‘যেন কেউ গোড়ালিতে করাত চালিয়েছে’।
ফুটবলারদের পছন্দ
দীর্ঘ পুনর্বাসনের চেয়ে বুটের ছোট ফুটো ফুটবলারদের কাছে বেশি সহজ। মিলিয়ন ডলারের চুক্তির তারকা আর দামি বুটের মাঝখানে এই ছিদ্রই স্বস্তির কারণ। সূত্র: নিউইয়র্ক টাইমস।



