স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষার আগে সৌদি কোচের বিশ্লেষণ
স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষার আগে সৌদি কোচের বিশ্লেষণ

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষার আগে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা দুটোই বিশ্লেষণ করেছেন সৌদি আরব কোচ জর্জিওস ডোনিস। তার মতে, লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অনুপস্থিতিতে স্পেন শক্তিশালী দল হলেও তাদের আক্রমণের ধরন বদলে যায়। ম্যাচটা মাঠে গড়াবে আজ শনিবার রাত ১০টায়। দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।

ইয়ামাল ও উইলিয়ামসের ভূমিকা

ম্যাচের আগে স্পেনের দুই তারকা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে ঘিরে নিজের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন সৌদি আরব কোচ জর্জিওস ডোনিস। সংবাদ সম্মেলনে ডোনিস বলেছেন, ‘ইয়ামাল বা উইলিয়ামস বেঞ্চে থাকলে স্পেন একই দল থাকে না। তখনও তারা বলের দখল ধরে রাখে, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতা কমে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি বলছি না যে এটি স্পেনের জন্য কোনো সমস্যা। তবে এই দুই খেলোয়াড় না থাকলে তারা ভিন্ন ধরনের ফুটবল খেলে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আমরা সেটি খুব স্পষ্টভাবে দেখেছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পেন কোচের মন্তব্য

এর আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে খুব বেশি তথ্য দিতে চাননি। শুধু বলেছেন, ‘সে (ইয়ামাল) ভালো অনুভব করছে, এটিই সবচেয়ে ভালো খবর। সে কত মিনিট খেলবে, তা আমরা দেখবো। আপনারা অনেকেই তাকে শুরুর একাদশে দেখছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আবার দলে ফিরেছে।’

সৌদি আরবের কৌশল

স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের খেলায় আরও শৃঙ্খলা দেখতে চান ডোনিস। তার মতে, সৌদি আরবকে কম ভুল করতে হবে, দলগতভাবে আরও আঁটসাঁট থাকতে হবে এবং রক্ষণে সংগঠিত ফুটবল খেলতে হবে। ডোনিস বলেছেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। এমন দলের বিপক্ষে খেললে অভিজ্ঞতাটি উপভোগ করা এবং প্রতিপক্ষকে সম্মান করা গুরুত্বপূর্ণ। তবে সেই সম্মান যেন অতিরিক্ত না হয়ে যায়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতীতের স্মৃতি

কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ে বড় ধাক্কা খেয়েছে স্পেন। এবার তাদের সামনে সৌদি আরব। যারা গত বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। অন্যদিকে সেই আসরের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই স্মৃতি টেনে ডোনিস বলেছেন, ‘ফুটবলে অলৌকিক ঘটনা দেখতে ভালো লাগে। আমরা অনেকবার দেখেছি ফেবারিট দলগুলো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে হেরে গেছে। অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে সেই জয় সৌদি ফুটবলের জন্য দারুণ একটি স্মৃতি। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে সেটি থেকে কোনো বিশেষ অনুপ্রেরণা বা হিসাব টানছি না।’