লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো দ্বিমত নেই, তবে তার রেকর্ড গড়া প্রথম গোল নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। 'জে' গ্রুপের দ্বিতীয় ম্যাচে সোমবার আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হেরেছে অস্ট্রিয়া। দুটি গোলই করেছেন মেসি।
মেসির গোল ও বিতর্কিত ফাউল
ম্যাচের শুরুতে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ভিএআরের পরামর্শে মনিটরে ফাউলের রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে শট বাইরে মেরে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মেসি। ৩৮তম মিনিটে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক। আক্রমণের শুরুতে বল দখলের লড়াইয়ে পড়ে যান মিডফিল্ডার জাভের স্লাগার। অস্ট্রিয়ানদের ফাউলের দাবিতে সাড়া দেননি রেফারি। ভিএআরও হস্তক্ষেপ করেনি।
রাংনিকের প্রতিক্রিয়া
ম্যাচ শেষে সেদিকেই দৃষ্টি আকর্ষণ করেন রাংনিক। তিনি বলেন, 'কিন্তু আমার মনে হয়, দ্বিতীয় গোলটিতে আমাদেরও ভূমিকা ছিল, এটা আমাদের নিজেদেরই ভুল। প্রথম গোলটির ক্ষেত্রে, পেনাল্টি কিকের আগে চতুর্থ রেফারি যা করেছিলেন, আমি তাকে সেটাই করতে বলতাম। তার দেখা উচিত ছিল এবং তাহলেই তিনি দেখতে পেতেন, যা সবাই দেখেছিল, (জাভের) স্লাগারকে ফাউল করা হয়েছিল। ব্যাপারটি বিরক্তিকর ছিল। তবে, আমি আমার দলকে নিয়ে সার্বিকভাবে সন্তুষ্ট এবং আজ তারা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি।'
গ্রুপের বর্তমান অবস্থান
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রিয়া। সমান পয়েন্ট নিয়ে তিনে আলজেরিয়া। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল আটটায় শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়া লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।



