মরক্কো কোচের স্পষ্ট বার্তা: লক্ষ্য শুধু সেমিফাইনাল নয়, বিশ্বকাপ জয়
মরক্কো কোচের লক্ষ্য বিশ্বকাপ জয়, শুধু সেমিফাইনাল নয়

বিশ্বকাপে এবার দুর্দান্ত ছন্দে রয়েছে মরক্কো। গতবারের সেমিফাইনালিস্টরা এবারও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আবারও তাদের সামনে ফ্রান্স, যাদের কাছে হেরে গতবার বিদায় নিতে হয়েছিল। তবে এবার ভিন্ন কিছুর জানান দিচ্ছে আশরাফ হাকিমিরা। সব কিছু মিলে এখনই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য শুধু শেষ চারে ওঠা নয়, বিশ্বকাপ জয়।

ম্যাচের প্রেক্ষাপট

আজ রাত ২টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। এটি ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ। কাতারে সেই ম্যাচে মরক্কোর ঐতিহাসিক যাত্রার ইতি টেনেছিল ফ্রান্স। তবে এবার উত্তর আফ্রিকার দলটি আর আন্ডারডগ নয়, বরং শিরোপার দাবিদার হিসেবেই নিজেদের দেখছে।

কোচের বক্তব্য

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মরক্কো কোচ ওয়াহবি বলেছেন, “টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমরা আমাদের পারফরম্যান্সের মূল্যায়ন করবো। এখন কিছু বলতে চাই না, কারণ আমাদের সামনে আরও অর্জনের সুযোগ রয়েছে। কেউ যদি বলে, ‘এ পর্যন্ত তোমরা যা করেছ, সেটাই অসাধারণ’, আমরা তা শুনতে চাই না।” তিনি অবশ্য মানছেন ফেবারিট ফ্রান্স-ই, “ফ্রান্স অবশ্যই ফেবারিট। তবে আগামীকাল জিততে এবং সেমিফাইনালে উঠতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ‘এ পর্যন্ত এসেছি, বাকি সবই বোনাস’- এমন মানসিকতা আমার পছন্দ নয়। আমাদের কাছে আসল বোনাস হলো বিশ্বকাপ। এই মানসিকতাই আমাদের এত দূর এনেছে, আর এভাবেই আমরা আরও এগিয়ে যেতে চাই।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্রান্সের অবস্থান

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টির গোলে জয় পায় দিদিয়ের দেশমের দল। টুর্নামেন্টে সাত গোল করে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে। তার ওপরে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার গোল আটটি। এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলাকে নিয়ে বিশ্বকাপের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ গড়ে তুলেছে ফরাসিরা।

মরক্কোর শক্তি

অন্যদিকে মরক্কো গ্রুপ পর্ব অনায়াসে পেরিয়ে শেষ ষোলোতে নেদারল্যান্ডস ও সহ-আয়োজক কানাডাকে বিদায় করে নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওয়াহবি অবশ্য শক্তিমত্তা নিয়েই পরে থাকতে চান না। তার কথা, “এটি শক্তিমত্তার বিষয় নয়। মরক্কো যেমন উন্নতি করছে, ফ্রান্সও তেমন এগিয়ে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো আক্ষেপ না রেখে ম্যাচটি খেলা। এই ম্যাচে আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের ২০০০ শতাংশ দিয়ে খেলতে হবে। এখন পর্যন্ত যা করেছি, সেটাই যথেষ্ট এমন চিন্তার কোনো সুযোগ নেই।”