ইতালির শিক্ষার্থীদের তৈরি বিশ্বের সবচেয়ে বড় কাগজের উড়োজাহাজ
বিশ্বের সবচেয়ে বড় কাগজের উড়োজাহাজ তৈরি ইতালির শিক্ষার্থীদের

ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘প্রজেক্ট ইকারুস’ নামের দল গঠন করে বিশ্বের সর্ববৃহৎ কাগজের উড়োজাহাজ তৈরি করেছেন। তাঁদের এই উদ্যোগে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘জ্যাকিডেল’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এই উড়োজাহাজের ডানার দৈর্ঘ্য (উইংস্প্যান) ৬৫ দশমিক ৭৫ ফুট এবং লম্বায় এটি ২৩ ফুট। পুরো উড়োজাহাজটি কেবল কাগজ এবং আঠা দিয়ে তৈরি করা হয়েছে, কোনো ধাতব কাঠামো বা আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি।

বিশাল উড়োজাহাজের সফল উড্ডয়ন

ইতালির বোলোনিয়ার ‘উই মেক ফিউচার’ মেলায় ‘বোলোনিয়াফিয়েরে’ নামক স্থানে বোয়িং বিমানের মতো দেখতে এই কাগজের দানবটিকে আকাশে ওড়ানো হয়। বিশাল এই উড়োজাহাজ বাতাসে ভেসে প্রায় ১৯৩ দশমিক ৫ ফুট (প্রায় ৫৯ মিটার) দূরত্ব অতিক্রম করে এবং সরাসরি গিনেস বুকে নাম লেখায়। এর আগে ২০১৩ সালে জার্মানির ব্রাউনশভেইগ ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা কাগজের সবচেয়ে বড় উড়োজাহাজ তৈরির বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে খেতাবটি নিজেদের করে নেয় ইতালির এই তরুণ দল।

শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও পরিশ্রমের গল্প

রেকর্ড গড়ার পর প্রজেক্ট ইকারুসের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবকিছু শুরু হয়েছিল ক্লাসের ভেতর স্রেফ মজার ছলে বানানো কয়েকটা কাগজের উড়োজাহাজ দিয়ে; কিন্তু আমরা বিশ্বাস করতাম, সঠিক পদ্ধতি জানা থাকলে একটুকরা কাগজকেও আসল ইঞ্জিনিয়ারিংয়ে রূপ দেওয়া সম্ভব।’ শিক্ষার্থীরা আরও বলেন, এরপর চলল মাসের পর মাস পড়াশোনা, সিমুলেশন, একের পর এক ভুল আর নতুন করে শুরুর গল্প। শিক্ষার্থীদের এই পরিশ্রম বৃথা যায়নি। ক্লাসরুমের সেই চেনা কাগজের উড়োজাহাজ এই তরুণদের স্বপ্ন আর মেধার জোরে ঠাঁই করে নিয়েছে বিশ্ব রেকর্ডের পাতায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ