ফিফা কংগ্রেসে যেতে গিয়ে কানাডায় আটক ইরান ফুটবল প্রধান
ফিফা কংগ্রেসে যেতে গিয়ে কানাডায় আটক ইরান ফুটবল প্রধান

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ২১১ সদস্য দেশ এই কংগ্রেসে আমন্ত্রিত ছিল। ফিফার কংগ্রেসে যোগ দিতে কানাডায় গিয়েও দেশে ফিরতে হয় ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ প্রতিনিধি দলকে। টরন্টো বিমানবন্দরে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিন ঘণ্টা আটকে জিজ্ঞাসাবাদ

শুক্রবার (১ মে) ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজকে কানাডার অফিসিয়ালরা ফিফা কংগ্রেসে যেতে অনুমতি দেয়। কিন্তু তার আগে মেহেদিসহ ইরানের প্রতিনিধি দলকে টরন্টো বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে ইরানে ফেরার পথে তুরস্কে নামার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানি প্রতিনিধিদলকে কানাডায় নিতে একটি বিশেষ বিমানের প্রস্তাব দিয়েছিলেন। তবে তাজ মেহেদিরা সেটিও প্রত্যাখ্যান করেন।

আইআরজিসি সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেহেদি তাজ ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক সদস্য। সংগঠনটির সঙ্গে বর্তমানেও তার সংশ্লিষ্টতা আছে বলে প্রশ্ন ছুড়ে দেয় কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব ফিফার সভায় কেবল তাকে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, আইআরজিসির সদস্যদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেহেদি তাজের বক্তব্য

ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি তাজ বলেন, 'আমাদের সবার ভিসা ছিল এবং তুরস্কেও আমাদের পরীক্ষা করা হয়েছিল। তারা বলেছিল, আপনার জন্য কিছু প্রশ্ন আছে এবং জানতে চেয়েছিল আমরা আইআরজিসির সদস্য কি না। জবাবে আমরা বলেছি, ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায়, এই সংগঠনের লোকদের আমরা প্রবেশ করতে দিই না, এটাই আমাদের দেশের আইন।' তিনঘণ্টার সেই জিজ্ঞাসাবাদ শেষে শুধুমাত্র ইরানের ফুটবলপ্রধানকে অনুমতি দেওয়া হয়। মেহেদি তাজ বলেন, 'কিছুক্ষণ পর তারা বললো, আপনি প্রবেশ করতে পারেন। কিন্তু আমরা নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারা আমাদের বের করে দেয়নি, আমরাই ফিরে এসেছি, আমি কানাডিয়ানদের বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখেছেন, অযথা অপেক্ষা করিয়েছেন।' তিনি আরও বলেন, 'আমি ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমকে বলেছি, আপনারা আমেরিকার ভয়ে ভীত এবং তারা যা বলে আপনারা সেটাই মানেন। আমরা যদি বিশ্বকাপে অংশ নিতে যাই, তাহলে আমাদের দলের জন্য কোনো বাহ্যিক সমস্যা বা বিতর্ক যাতে না থাকে, তা নিশ্চিত করতে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা প্রয়োজন।'