আইপিএলে ভারসাম্য ফেরাতে তিন সংস্কারের প্রস্তাব শচীনের
আইপিএলে ভারসাম্য ফেরাতে তিন সংস্কারের প্রস্তাব শচীনের

আইপিএলের চলতি আসরে ব্যাটসম্যানদের একক আধিপত্য দেখেছে ক্রিকেট বিশ্ব। অধিকাংশ ম্যাচের স্কোরই ২০০ রানের গণ্ডি পেরিয়েছে, এমনকি ২৫০ প্লাস রান করেও কোনো দল স্বস্তিতে থাকতে পারেনি। কারণ, অপর দল সেটাকে অনায়াসে পাড়ি দিয়ে দিচ্ছে। বোলাররা যেন আইপিএলে ব্যাটারদের খেলার পুতুল। এমন পরিস্থিতিতে আইপিএলে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে বেশ কিছু সংস্কারের কথা তুলে ধরেছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিলের প্রস্তাব

চলতি আইপিএল-এর ফাইনালের আগের রাতে ইএসপিএনক্রিকইনফো আয়োজিত ২১ শতকের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন টেন্ডুলকার। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি তুলে দেওয়া উচিত। তার মতে, এই একটি নিয়মের কারণেই ব্যাট এবং বলের পুরো ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। শচিন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি বাতিল হওয়া দরকার। টি-টোয়েন্টিতে যেখানে মাত্র ২০ ওভার খেলা হয়, সেখানে আবার অতিরিক্ত একজন ব্যাটার যোগ করা হচ্ছে। এমনিতেই বোলাররা কঠিন চ্যালেঞ্জের মুখে থাকে। এই নিয়ম ভারসাম্য নষ্ট করছে।’ ২০২৩ সালে চালু হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম অনুযায়ী, প্রতিটি দল একাদশের বাইরে থাকা পাঁচজন ক্রিকেটারের তালিকা থেকে ম্যাচ চলাকালে একজনকে বদলি হিসেবে নামাতে পারে। সমালোচকদের মতে, এই নিয়মের কারণে দলগুলো অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ পাচ্ছে এবং ব্যাটাররা আরও আগ্রাসীভাবে খেলতে পারছেন। ফলে গত কয়েক মৌসুমে আইপিএলে রান ও স্ট্রাইক রেট উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাওয়ার প্লে দুই ভাগে ভাগ করার প্রস্তাব

শুধু ইমপ্যাক্ট প্লেয়ার বাদ দেওয়ার প্রস্তাবই নয়, আরও দুটি বড় পরিবর্তনের কথাও বলেছেন শচিন। তার প্রথম প্রস্তাব, পাওয়ার প্লে-কে দুই ভাগে ভাগ করা। বর্তমানে প্রথম ছয় ওভারে মাত্র দুইজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারেন। শচিনের মতে, প্রথম ৪ ওভার প্রথাগত নিয়মেই ব্যাটারদের পাওয়ার প্লে হিসেবে থাকবে। বাকি ২ ওভার কখন ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেবেন ফিল্ডিং দলের অধিনায়ক। তিনি নিজের কৌশল অনুযায়ী ম্যাচের যেকোনো সময়ে এই ২ ওভার বেছে নিতে পারবেন। এই বিশেষ ২ ওভারে ৩০ গজের বাইরে একজন অতিরিক্ত ফিল্ডার (মোট ৩ জন) রাখা যাবে, যা ফিল্ডিং দলকে ম্যাচের ওপর আরও ভালো নিয়ন্ত্রণ এনে দেবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বোলারদের পাঁচ ওভার বল করার প্রস্তাব

এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন তিনি- একজন বোলারকে পাঁচ ওভার বল করার অনুমতি দেওয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারেন। কিন্তু শচীনের মতে, একজন বোলারকে প্রতি ইনিংসে ৫ ওভার বল করার অনুমতি দেওয়া উচিত। কারণ, স্বাভাবিকভাবেই দলের সেরা বোলারই সেই পঞ্চম ওভারটি করবেন। আপনারা কি সেই সেরা বোলারকে আরও বেশি বল করতে দেখতে চাইবেন না? শীর্ষ ব্যাটসম্যানেরা তো কখনো কখনো পুরো ২০ ওভারই ব্যাটিং করেন। তাহলে দলের সেরা বোলার কেন ৫ ওভার বল করতে পারবেন না?’