বিশ্বকাপ ফুটবলের শেষ আট নিশ্চিত করা সব কয়টি দলই আছে মহা দুশ্চিন্তায়। সেমিফাইনালের পথে থাকা দলগুলোর নির্দিষ্ট ১৭ ফুটবলার আরেকবার ভুল করলে বেঞ্চে বসেই দেখতে হবে সেমিফাইনালের লড়াই। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের রাউন্ড অব ৩২ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় হলুদ কার্ড পেলে সেমিফাইনাল থেকে ছিটকে পড়বেন ওই খেলোয়াড়। তবে সেমিফাইনাল শুরুর আগে হলুদ কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।
ইংল্যান্ড ও মরক্কোর ঝুঁকি সবচেয়ে বেশি
নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। ইংল্যান্ডের ডেকলান রাইস, নিকো ও'রাইলি, মার্ক গেহি এবং জুড বেলিংহ্যাম একটি করে হলুদ কার্ড নিয়ে কোয়ার্টার ফাইনালে নামছেন। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি, ইসা দিয়েপ, রেদুয়ান হালহাল এবং বিলাল এল খান্নুসও একই পরিস্থিতিতে রয়েছেন।
অন্যান্য দলের খেলোয়াড়রাও ঝুঁকিতে
ফ্রান্সের মাইকেল ওলিসে ও মানু কোনে, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুইহাইম। আর্জেন্টিনার গনসালো মন্তিয়েল, স্পেনের ফেরান তোরেস, নরওয়ের আন্তোনিও নুসা এবং বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। তবে ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসাহ লাল কার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালেই খেলতে পারবেন না। ফ্রান্স ইতোমধ্যে ওলিসের হলুদ কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করেছে।



