কদিন আগে বিশ্বকাপের মঞ্চে লড়েছিলেন, আজ নেই। দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস আজ কেপটাউনে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
বিশ্বকাপে শেষ ম্যাচ
এবারের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে অ্যাডামস শুরুর একাদশে ছিলেন। ২-০ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে তিনি মাঠে ছিলেন ৬১ মিনিট। চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথমার্ধে খেলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ১০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন—সেটিই ছিল তাঁর জীবনের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নক-আউট পর্বে উঠলেও অ্যাডামস আর মাঠে নামার সুযোগ পাননি।
ক্লাব ক্যারিয়ার
স্টেলেনবশ ক্লাবের যুব দল থেকে উঠে আসা অ্যাডামস গত বছর মেমলোদি সানডাউনসে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফুটবলে তিনি ৯ ম্যাচ খেলে ২ গোল করেছেন। তাঁর পুরো ক্যারিয়ার কেটেছে দক্ষিণ আফ্রিকায়।
শোকের বন্যা
অ্যাডামসের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছে সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন ও সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় তারা জানায়, ‘জেইডেন সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি অত্যন্ত গর্ব, সাহস ও দক্ষতার সঙ্গে দেশের আশা-আকাঙ্ক্ষা বহন করেছিলেন। তাঁর এই চলে যাওয়া তাঁর পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি এক শোকবার্তায় বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল এক উজ্জ্বল প্রতিভাকে হারাল। তাঁর পরিবার, সতীর্থ ও কোটি কোটি সমর্থক, যাঁরা তাঁকে যুব দলের খেলোয়াড় থেকে আন্তর্জাতিক তারকা হতে দেখেছেন, তাঁদের জন্য আজ শোকের দিন। আজ আমাদের পুরো দেশ শোকাহত।’



