ফ্রান্সকে ভয় পেতে হবে স্পেনকে: লামিন ইয়ামাল
ফ্রান্সকে ভয় পেতে হবে স্পেনকে: লামিন ইয়ামাল

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সকে সতর্ক করে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের বলে দাবি করেন তিনি। শনিবার (১১ জুলাই) ফক্স স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্পেন-ফ্রান্স সেমিফাইনাল লড়াই

টেক্সাসের আর্লিংটনে বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। এর আগে, শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে দলকে জয় এনে দেন মিকেল মেরিনো।

এদিকে বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। মাঠের সেই মহালড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তাপ ছড়ালেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। ফরাসিদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে এই বার্সেলোনা উইঙ্গার সাফ জানিয়ে দিয়েছেন, কিলিয়ান এমবাপ্পেদের যদি কাউকে ভয় পেতে হয়, তবে তা স্পেনকেই পাওয়া উচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইয়ামালের বক্তব্য

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সোফাই স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন ইয়ামাল। আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া এই তরুণ তারকা বলেন, “ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা ওদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি, পরপর দুবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মনে হয় আমরাই এবারের বিশ্বকাপের সেরা দুটি দল। তাই দেখা যাক বুধবারে কী হয়, তবে আমাদের মনে কোনও ভয় নেই।”

হয়তো মনে হতে পারে যে আমরা দুর্দান্ত খেলছি না জানিয়ে ইয়ামাল আরও বলেন, “কিন্তু আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন, তারা আমাদের সামনে ডিফেন্সিভ হয়ে পড়ে। স্পেনের সঙ্গে কোনও দল সমান তালে (সেয়ানে সেয়ানে) লড়াই করতে আসেনি। দিনশেষে আজ আমরা আবারও জয় পেয়েছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইতিহাস ও কোচের প্রতিক্রিয়া

এটি হবে বিশ্বকাপে স্পেনের ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম তারা শেষ চারে উঠেছে। অন্যদিকে, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়া এবং চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে রানার্সআপ হওয়ার পর টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠতে চাইছে ফ্রান্স।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, “পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বেশি। আমরা এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং আমাদের প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম।” তিনি আরও বলেন, “আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং এটি আবারও একটি সেমিফাইনাল। এর আগে আমরা তাদের বিপক্ষে সেমিফাইনাল খেলেছি এবং সফল হয়েছি। ম্যাচটি খুব কঠিন হবে। এটি হবে শক্তি ও গতির লড়াই। আমাদের নিজেদের সেরা রূপে খেলতে হবে।”