ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্যই দলে কিছু পরিবর্তন আসবে। শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ আছে বলে মনে করেন এই কোচ।
মরক্কো ম্যাচের পর সমালোচনা
মরক্কোর বিপক্ষে রাফিনিয়া, কাসেমিরোরা সেরাটা দিতে পারেননি। ম্যাচের পর এ নিয়ে কথা হয়েছে অনেক। ব্রাজিলের শুরুর একাদশে তাঁদের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আনচেলত্তি অবশ্য পরিবর্তনের কথা জানালেও কোন পজিশনের ক্ষেত্রে হবে, তা জানাননি।
ফিলাডেলফিয়াতে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।’
সংবাদমাধ্যমে গুঞ্জন
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তাদের এক প্রতিবেদনে লিখেছে, তাদের এক সাংবাদিককে হাসতে হাসতে আনচেলত্তি বলেছেন, চার-পাঁচটা পরিবর্তন আসছে। পরে আবার এটিকেই নাকি রসিকতা দাবি করেছেন আনচেলত্তি।
বিশ্বকাপে ব্রাজিলের শুরু
বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। দশকের পর দশক শুরুটা ভালো করা ব্রাজিল এবার প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে। খেলার ধরনের কারণে যেটিকে অনেকে হারের সমান বলেও মন্তব্য করেছেন।
কেন মরক্কোর বিপক্ষে সেরাটা দিতে পারল না ব্রাজিল? আনচেলত্তির উত্তর, ‘প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।’
কৌশল ও পরিচয় নিয়ে উদ্বেগ
দলের নির্দিষ্ট কোনো কৌশল বা ট্যাকটিক্যাল আইডেন্টিটি নেই—সমর্থকদের এমন উদ্বেগের জবাবও দিয়েছেন আনচেলত্তি। তাঁর মতে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি সাফ জানিয়ে দেন, ‘আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।’
‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।



