হজ শেষে দেশে ফিরেছেন ৬০,৫৮৮ হাজি, মৃত্যু ৫৪ জনের
হজ শেষে দেশে ফিরেছেন ৬০,৫৮৮ হাজি, মৃত্যু ৫৪ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ২৬৯ জন। সৌদি আরবে মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে মক্কায়। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

ফিরতি ফ্লাইটে শীর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

১৯ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৩ জন হাজি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হজযাত্রীদের দেশে ফেরাতে এখন পর্যন্ত মোট ১৫২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত

এদিকে, সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (ই-প্রেসক্রিপশন) দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা প্রদান করা হয়।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী, শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ