বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার ভোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩%
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস সংস্থা অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যাচটিতে জয়ের সম্ভাবনা ব্রাজিলের ৮৭.৩ শতাংশ। অন্যদিকে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৮.৪ শতাংশ।
ফিফা র্যাঙ্কিংয়ের বড় ব্যবধান
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে রয়েছে বড় ব্যবধান। বর্তমানে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর হাইতি রয়েছে ৮৪তম স্থানে। অর্থাৎ দুই দলের মধ্যে র্যাঙ্কিং ব্যবধান ৭৮ ধাপ।
গ্রুপ সি-তে ব্রাজিলের শীর্ষস্থানের সম্ভাবনা
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে ব্রাজিল। অপটার পূর্বাভাসে গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা তাদের ৫২ শতাংশ। শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৯০.৩ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫.৪ শতাংশ।
হাইতির কঠিন সমীকরণ
অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা হাইতির সামনে এখন কঠিন সমীকরণ। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ, আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে।
অতীত পরিসংখ্যান
অতীত পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। এসব ম্যাচে সেলেসাওরা মোট ১৭ গোল করেছে, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সবশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।
ম্যাচের সময়সূচি
শনিবার ২০ জুন ২০২৬ [গ্রুপ সি] সকাল ৬টা ৩০ মিনিট ব্রাজিল – হাইতি লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র।



