চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে গতকাল রাতে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন আতলেতিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। অন্যদিকে নিজেদের অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। চলুন জেনে নেওয়া যাক রেকর্ড ও মাইলফলকের গল্পগুলো সংখ্যায়।
আলভারেজের রেকর্ড
১ হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১০ বা তার বেশি গোল করা প্রথম ফুটবলার।
২৫ দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচে (৪১) ২৫ গোলের রেকর্ড এখন আলভারেজের। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির লেগেছে ৪২ ম্যাচ।
আর্সেনালের অপরাজিত ধারা
১৩ চ্যাম্পিয়নস লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে নিজেদের পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। ২০০৫-০৬ মৌসুমেও তারা টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল, সেবার দলটি ফাইনালে খেলেছিল।
ম্যাচের অন্যান্য পরিসংখ্যান
১৮ আর্সেনালের গোলমুখে গতকাল ১৮টি শট নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। চলতি মৌসুমে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডই (২২টি) তাদের বিপক্ষে বেশি শট নিতে পেরেছে।
২৭ ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ ২৭টি পেনাল্টির সবগুলোতে গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস। ২০২৪ সালের মার্চ থেকে শুরু হওয়া এই ধারা এখনো অব্যাহত।
২৯ মঙ্গলবার রাতে পিএসজি ও বায়ার্ন মিউনিখ মিলে ২২টি শট নিয়েছিল, যার ১৩টি লক্ষ্যে ছিল এবং ৯টি গোলে পরিণত হয়। অন্যদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল মিলে ২৯টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৬টি, গোল এসেছে মাত্র ২টি।
৯৯ চলতি সপ্তাহের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ম্যাচগুলোতে সবচেয়ে বেশি বল স্পর্শ (৯৯ বার) এবং পাস সম্পন্ন (৮৩টি) করেছেন ডেক্লান রাইস।
পরবর্তী রাউন্ডের সম্ভাবনা
৬ ও ৯ ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম লেগে ঘরের মাঠে ড্র করার পর ১০ বারের মধ্যে ৬ বার পরের ধাপে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ ড্র করার পর ১২ বারের মধ্যে ৯ বার পরের রাউন্ডে উঠেছে আর্সেনাল।



