আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র ১১ দিন বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে এই বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা প্রকাশিত হয়েছে, যাতে শীর্ষে রয়েছেন স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল।
তরুণদের রাজত্ব
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিশ্ব ফুটবলের নতুন তারকারা বয়সে যত তরুণ হচ্ছেন, দামের দিক দিয়ে ততটাই ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। এর সবচেয়ে বড় উদাহরণ লামিনে ইয়ামাল। ২০ বছর বয়সের আগেই বার্সেলোনার এই উইঙ্গারের বাজারমূল্য দাঁড়িয়েছে ৪০১.৩১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা। সমবয়সী অন্য যেকোনো ফুটবলারের চেয়ে তার দাম প্রায় তিন গুণ বেশি।
ইয়ামালের পরেই রয়েছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির গোলমেশিন আরলিং হালান্ড, যার বাজারমূল্য ২৯৮.৩৭ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যার বয়স ২৭ পেরিয়ে গেলেও রিয়াল মাদ্রিদে তার মূল্য ২৩৫.২৩ মিলিয়ন ডলার।
ইউরোপের আধিপত্য
শীর্ষ ১০ দামি ফুটবলারের তালিকায় ইউরোপের বড় ক্লাবগুলোর একচেটিয়া আধিপত্য দেখা যাচ্ছে। রিয়াল মাদ্রিদের তিনজন, বার্সেলোনার দুজন এবং ফরাসি ক্লাব পিএসজির দুজন খেলোয়াড় এই তালিকায় স্থান পেয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, তালিকায় নেই ফ্রান্সের উসমান দেম্বেলে। অথচ পিএসজির হয়ে সম্প্রতি সব শিরোপাই জিতেছেন তিনি, এমনকি ২০২৫ সালের ব্যালন ডি’অরও জিতেছেন।
বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমান ব্যক্তিগত অর্জনের চেয়ে তাদের বয়স, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর বেশি জোর দিচ্ছে। তাই তালিকায় রাজত্ব করছেন তরুণরা।
শীর্ষ ১০ দামি ফুটবলার
- লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার
- আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার
- কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার
- জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার
- মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার
- ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার
- দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার
- জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার
- আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার
- পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার
এই তালিকা স্পষ্ট করে দেয় যে, ফুটবলের ভবিষ্যৎ এখন তরুণদের হাতে। বিশ্বকাপে তাদের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব।



