২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে বড় চমক হিসেবে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের জায়গা হয়নি। চোটের কারণে দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা আগেই নিশ্চিত ছিল, তবে ডিফেন্ডার ডিন হাইসেনও সুযোগ পাননি। অন্যদিকে চোটে মৌসুমের শেষদিকে মাঠের বাইরে চলে গেলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল।
স্পেনের বিশ্বকাপ প্রস্তুতি
২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেন ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এইচ’-এ নিজেদের অভিযান শুরু করবে তারা। এই গ্রুপে অন্য দুটি প্রতিপক্ষ হলো সৌদি আরব ও উরুগুয়ে।
তারকা ফুটবলারদের ফিটনেস
দল ঘোষণার পর প্রধান তিন তারকা—লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও কোচ দে লা ফুয়েন্তে তা নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি বলেন, ‘আমরা খুবই শান্ত আছি। নতুন কোনো সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাব। আমাদের চিকিৎসক ও ফিটনেস কোচ প্রতিটি ক্লাবে গিয়ে কথা বলেছেন। পুরো বিষয়টি আমরা সমন্বয় করছি। প্রথম ম্যাচে তারা তৈরি থাকবে, কোনো কারণে তা না হলেও দ্বিতীয় ম্যাচে অবশ্যই খেলবে।’
দলে থাকা খেলোয়াড়রা
ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া। তবে বাদ পড়েছেন রিয়াল সোসিয়েদাদের অ্যালেক্স রেমিরো। রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো। আর আক্রমণভাগে ইয়ামালের সঙ্গে থাকছেন মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিয়োজ।
সহায়ক খেলোয়াড় ও বাদ পড়া
রিয়াল মাদ্রিদের পেদ্রো গঞ্জালো গার্সিয়া এবং বার্সেলোনার মার্ক বের্নালসহ ৯ জন ফুটবলারকে ‘সাপোর্ট প্লেয়ার’ হিসেবে দলে রেখেছেন কোচ। বিশ্বকাপের আগে মূল দলের সঙ্গে তাঁরা অনুশীলনে অংশ নেবেন। পা ভেঙে যাওয়ায় দল থেকে ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ তারকা ফেরমিন লোপেজ। রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় দলে না থাকা প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, ‘কাকে বাদ দেব আর কাকে রাখব—সেটা বেছে নেওয়া সবসময়ই কঠিন। আমরা প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করেই এই ২৬ জনকে বেছে নিয়েছি। আমার মনে হয় দলের সব প্রয়োজনের দিকেই নজর রাখা হয়েছে। কোনো খেলোয়াড় কোন ক্লাবের হয়ে খেলছেন, আমি তা কখনোই দেখি না।’
প্রস্তুতি ম্যাচ
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৪ জুন গালিসিয়ার আ করুনিয়ায় ইরাকের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর আটলান্টিক পাড়ি দিয়ে ৮ জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ।



